বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফর কাল, দুই উপজেলায় উৎসবের আমেজ

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০২:১৯ পিএম

প্রধানমন্ত্রীর ফেনী সফর কাল, দুই উপজেলায় উৎসবের আমেজ

মুক্তবাণী রিপোর্ট : সরকার গঠনের আট মাসের মাথায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই প্রথম সফরকে কেন্দ্র করে পুরো জেলায় সাজসাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেবেন।

দুপুর সাড়ে ১২টা পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরি ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর ১টা ১৫ মিনিট পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টা ৩০ মিনিট কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় উপস্থিত হয়ে সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ও বিশ্রাম নেবেন। বিকেল ৩টা ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৫টা সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরি নদীর তীরে জনসভাস্থল ও হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেটসহ পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ প্রধান সড়ক ও সংযোগস্থলগুলোর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

Link copied!