নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাবি শিক্ষার্থীদের হামলায় ৩ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত তিনজনের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সাংবাদিকেরা হলেন- প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জহিরুল ইসলাম, আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।
এ ঘটনায় আহত সাংবাদিক সিয়ামের ভাই মো. সিফাত হোসেন গাজী অভিযুক্তদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিকরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজুর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা সাংবাদিক সিয়াম ও তোফায়েল আহমেদের মাথায় আঘাত করে এবং সাংবাদিক জহিরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম জানান, রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করেন। এতে আমিসহ তিনজন আহত হই। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
