নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঢাকায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সফরের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এটি মাথার ওপর দিয়ে যাচ্ছে।
রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চান না বলেও জানান দিনেশ ত্রিবেদী।
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আচ্ছা, এটা তো আমার মাথারও ওপর দিয়ে যাচ্ছে ভাই।’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি এখানে রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দেশেরই আগ্রহ আছে, পরিবেশ খুবই ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে সফর হবে। কিছু চ্যালেঞ্জ থাকবেই।’
এসময় ভারত-বাংলাদেশ সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে এবং দুই প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সফরের সূচি এখনো নির্ধারণ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সফর নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই। অনেক বিষয় নিয়েই তো আলোচনা হবে। আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছেই।’
