রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুয়েল কার্ড বিতরণ শুরু, দীর্ঘ লাইনে চালকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:২৪ পিএম

ফুয়েল কার্ড বিতরণ শুরু, দীর্ঘ লাইনে চালকরা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জ্বালানি তেল ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হয়।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইউনিয়নভিত্তিকভাবে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হচ্ছে। ভোর রাত থেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অসংখ্য চালক উপজেলা পরিষদ চত্বরে ভিড় করেন, ফলে দীর্ঘ সারির সৃষ্টি হয়।

এর আগে জেলা পর্যায়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় ফুয়েল কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ ছাড়া জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর জেলার বিভিন্ন স্থানে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিকে জেলার বিভিন্ন উপজেলায় একসঙ্গে কার্ড বিতরণে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ভিড়ের কারণে অস্থির পরিস্থিতিও তৈরি হয়। পরে উপজেলা পর্যায়ে পৃথকভাবে কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সুবিধাভোগীদের জন্য ইউনিয়নভিত্তিক ভাগ করে সকাল থেকে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই শেষে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক চালক।

স্থানীয় একজন শিক্ষক জানান, ভোরে লাইনে দাঁড়িয়ে সহজেই কার্ড পেয়েছেন এবং এর মাধ্যমে জ্বালানি সংগ্রহ আরও সহজ হবে। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সহায়ক হবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করতে ধাপে ধাপে সকল উপকারভোগীর কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!