রাহাত শরীফ
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তি পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মো. হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার বড় একটি চালান মজুত রয়েছে—এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। তাঁদের দাবি, বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি মধুপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে।
মধুপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা জব্দ করেছে। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং হাফিজুর রহমানের সঙ্গে মাদক উদ্ধারের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মাতৃভূমির খবর