রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে চাকায় পিষ্ট যাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:৪৭ পিএম

চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে চাকায় পিষ্ট যাত্রী

ছবিঃ সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আতঙ্কে যাত্রীরা জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীরা চরম আতঙ্কে পড়ে যান। অনেকেই বাস পুরোপুরি না থামতেই লাফিয়ে নামতে শুরু করেন। এ সময় একজন যাত্রী বাসের চাকার নিচে পড়ে মারা যান।

এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। বাস থামার আগেই অনেকে লাফ দিলে একজন চাকার নিচে পড়ে নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!