প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:২২ পিএম
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এনজিওর নাটোরের একটি শাখা থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক নারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে সিরাজগঞ্জের একটি আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতভর তাকে তাড়াশ থানা হাজতে রাখা হয়।
গ্রেপ্তার হওয়া জান্নাতি খাতুন (২৫) তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার সঙ্গে থাকা ২ বছর বয়সী শিশুকে পরে নানির জিম্মায় দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক একসময় টিএমএসএস এনজিওর নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় ফিল্ড সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই সময় চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন এবং একই শাখা থেকে স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং দাবি করেন, ঋণের ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তার অভিযোগ, জামানতের ২৪ হাজার ৮০০ টাকা ঋণের সঙ্গে সমন্বয় না করে এনজিও কর্তৃপক্ষ মামলা করেছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জান্নাতি খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।



