রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগ, আটকের পরে মিলল মাদক

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:৫৪ পিএম

ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগ, আটকের পরে মিলল মাদক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনার শিকার এক শিক্ষার্থী জানান, জিমনেসিয়াম থেকে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে ওই ব্যক্তি ছবি তুলতে পারেন। পরে তার মোবাইল ফোনে একই স্থানে থাকা একাধিক মেয়ের ছবি দেখতে পাওয়া যায়। এরপর তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে প্রক্টর অফিসে আনা হয়। সেখানে তিনি মোবাইল ফোন ভেঙে ফেলায় আলামত যাচাই করা সম্ভব হয়নি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!