রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ন্ত্রণ হারানো অটোভ্যানকে চাপা দিল বাস, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৩৬ এএম

নিয়ন্ত্রণ হারানো অটোভ্যানকে চাপা দিল বাস, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী যাত্রী।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। এ সময় এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর এক্সেল ভেঙে যায়। ফলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে।

ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস পরিবহনের বাসটি অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত তামান্না খাতুনকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!