প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৯:৩৭ পিএম
খাগড়াছড়ির গুইমারায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। পৃথক দুই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বড়পিলাক এলাকায় একটি বাড়িতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদলের সদস্য মামুন ও মাহবুব আলম আহত হন।
অন্যদিকে একই রাতে বাইল্যাছড়ি এলাকায় গুইমারা ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক বাবুর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি নেতারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, বড়পিলাক এলাকার ঘটনার কথা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



