রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধস, নিহত ৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধস, নিহত ৭ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি মাদরাসার ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার দুপুরের দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করেই একটি বড় অংশ ধসে মাদরাসার ওপর পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীরা মাটির নিচে চাপা পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালায়। আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থল তল্লাশি করে নিশ্চিত হওয়ার চেষ্টা চালায়, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতিরও অবনতি হয়েছে। রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি এবং লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

অন্যদিকে কাপ্তাই হ্রদে পানির প্রবল স্রোতের কারণে ছোট নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিম্নাঞ্চলের বহু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রশাসন আগেই সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!