প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ১০:৫৪ এএম
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তিনটি শূন্য পদে লাইসেন্স প্রদানের মাধ্যমে ‘নিকাহ নিবন্ধক’ (কাজী) নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার ১৩ নং মুরাদনগর ইউনিয়ন, ০২ নং আকবরপুর ইউনিয়ন এবং ১৪ নং পূর্ব নবীপুর ইউনিয়নের স্থানীয় স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে।
সাব-রেজিস্ট্রারের কার্যালয়, মুরাদনগর, কুমিল্লা সূত্রে জানা যায়, জেলা রেজিস্টারের কার্যালয়, কুমিল্লা-এর স্মারক নং- ৬৯৩, তারিখ: ১৮/০৫/২০২৬ খ্রি.-এর নির্দেশ এবং ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এর বিধান অনুযায়ী এই বিজ্ঞপ্তিগুলো জারি করা হয়েছে।
আবেদনের সাধারণ শর্তাবলি: শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক নিবন্ধিত কোনো মাদরাসা থেকে ন্যূনতম আলিম সার্টিফিকেটধারী হতে হবে।
বয়সসীমা: আগামী ০৩/০৮/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর এবং অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।
এলাকভুক্তি: প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট নির্দিষ্ট ইউনিয়নের (১৩ নং মুরাদনগর, ০২ নং আকবরপুর অথবা ১৪ নং পূর্ব নবীপুর) স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, চরিত্রগত সনদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। এছাড়া তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময়: নির্ধারিত আবেদন ফরম সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। আগামী ০৩/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে ‘সাব-রেজিস্ট্রারের কার্যালয়, মুরাদনগর, কুমিল্লা’ বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এর প্রদত্ত ক্ষমতাবলে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-০৩) ও নিকাহ নিবন্ধক নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সাথে পরামর্শক্রমে মুরাদনগর সাব-রেজিস্ট্রার ও নিয়োগ কমিটির সদস্য সচিব (মো: মেহেদী হাসান) স্বাক্ষরিত পৃথক এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে।



