মোঃ জাহিদুল ইসলাম কাজল (চুয়াডাঙ্গা প্রতিনিধি)
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবিঃ প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার চুল লুটের ঘটনায় জড়িত সন্দেহে কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কাভার্ড ভ্যান চালক শহিদুল ইসলাম এবং ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু। রোববার (২৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (২৪ আগস্ট) বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের কোষাঘাটা এলাকায় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে চালক ও তাঁর সহযোগীদের জিম্মি করে গাড়িতে থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের চুল লুট করে চম্পট দেয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পরপরই সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত কোটি টাকার চুল উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ব্যবসায়ী শহিদুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাতৃভূমির খবর