রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মিন্টুর যাবজ্জীবন

মোঃ জাহিদুল ইসলাম কাজল (​চুয়াডাঙ্গা প্রতিনিধি)

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৮:১৩ পিএম

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মিন্টুর যাবজ্জীবন

ছবিঃ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১৩৫ গ্রাম হেরোইন ও ১৮টি প্যাথিডিন ইনজেকশন রাখার দায়ে আশাদুল হক মিন্টু (৩৯) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


​বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সত্যব্রত শিকদার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিন্টু চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় চুনুরীপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
​আদালতের রায়ে মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


​মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসান চত্বরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দৌলতদিয়াড় ব্রিজের নিচে এক ব্যক্তি হেরোইন ও প্যাথিডিন বিক্রির জন্য অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ধাওয়া করে মিন্টুকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের ডান পকেট থেকে ১৩৫ গ্রাম হেরোইন এবং বাম পকেট থেকে ১৮টি প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।


​ঘটনার দিনই মিন্টুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।


​রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মানাজার আলী জোয়ার্দ্দার বলেন, "দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"
​অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী সাগর জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!