প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৫৬ এএম
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় আবু বক্কর সিদ্দিক নামের এক ক্যান্টিনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ট্রেনটিতে যাত্রা করছিলেন ওই নারী। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছানোর পর তাকে জোরপূর্বক ক্যান্টিনের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় ক্যান্টিনের ভেতর থেকে ওই নারীর চিৎকার শুনতে পান ট্রেনে থাকা কয়েকজন যাত্রী। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ক্যান্টিনের দিকে এগিয়ে যান। পরে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে আটক করেন যাত্রীরা এবং ওই নারীকে সেখান থেকে উদ্ধার করেন।
ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিকসহ দুই পুলিশ সদস্য এবং আরও দুজনসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরে তাকে আদমদীঘি আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলায় অন্য যাদের নাম রয়েছে, তাদের বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের ক্যান্টিনসহ বিভিন্ন স্থানে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।



