মোঃ জাহিদুল ইসলাম কাজল
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর জোয়ার্দার পাড়া ও রোকনের বাড়িরহ সামনের ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় ড্রেন না থাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই মল্লিক পাড়া থেকে জোয়ার্দার পাড়ার শেষ সীমানা পর্যন্ত এলাকা হাঁটু পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষের যাতায়াত এবং নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মল্লিক পাড়া থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও জোয়ার্দার পাড়ার শেষ সীমানায় এসে তা রহস্যজনকভাবে থেমে যায়। অবশিষ্ট মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলেই পুরো এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হতো। কিন্তু ড্রেন না থাকায় বৃষ্টির পানি উপচে পুরো পাড়া প্লাবিত করছে।
স্থানীয় ব্যবসায়ী রোকন উদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, "সামান্য বৃষ্টিতেই আমাদের পাড়ায় হাঁটু পানি জমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন করা হলে এই দীর্ঘদিনের কষ্ট দূর হতো।"
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, "জলাবদ্ধতার কারণে জোয়ার্দার পাড়ার মানুষের দুর্ভোগের বিষয়টি আমি অবগত। দ্রুত ড্রেন নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।"
এদিকে জলাবদ্ধতার পাশাপাশি দেখা দিয়েছে নতুন আরেক বিপদ। পানি জমে সংলগ্ন ছোট ব্রিজটির চারপাশের মাটি সরে যাচ্ছে, যা ব্রিজের গঠন ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রত সংস্কার না করলে ব্রিজটি যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্থানীয়রা।
এ অবস্থায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং ছোট ব্রিজটি রক্ষায় চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশু হস্তক্ষেপ ও জরুরি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মাতৃভূমির খবর