রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল: এরদোয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৫২ এএম

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল: এরদোয়ান

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল এমন একটি গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছে যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং তাদের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, গাজা থেকে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে ইয়েমেন, লেবানন হয়ে ইরান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার মতে, এই বিস্তারের পেছনে কেবল নিরাপত্তা বা আত্মরক্ষার যুক্তি নেই, বরং এর আড়ালে অন্য উদ্দেশ্য রয়েছে, যা বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি।

তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের এক গভীর সংকট হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, ইসরায়েল টানা কয়েকদিন ধরে কোনো যৌক্তিক কারণ ছাড়াই মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ইবাদতের জন্য বন্ধ রেখেছে।

এরদোয়ান আরও বলেন, তথাকথিত প্রতিশ্রুত ভূমিকে ঘিরে যেসব ধারণা প্রচার করা হচ্ছে, তা পরিকল্পিতভাবে একটি আগ্রাসী অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাস্তবতা উপলব্ধি করে একসঙ্গে অবস্থান নেওয়া।

এদিকে, ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি জ্বালানি সরবরাহ ও আকাশপথে যোগাযোগেও অস্থিরতা তৈরি হয়েছে।

একই সময়ে লেবাননে সামরিক অভিযান জোরদার হওয়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরদোয়ান সতর্ক করে বলেন, দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি আন্তর্জাতিক মহলকে চাপিয়ে দেওয়া অবস্থান থেকে বেরিয়ে এসে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন কূটনৈতিক আলোচনার পথ উন্মুক্ত করতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!