প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:৩১ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
স্থানীয় সময় সোমবার পোর্ট আর্থার এলাকার একটি তেল শোধনাগারে এ বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র শার্লট এম মোজেস জানান, শোধনাগারটি হিউস্টন শহর থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরের পশ্চিমাংশের বাসিন্দাদের সতর্কতার সঙ্গে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।
মেয়র আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট শোধনাগারটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিশোধন করে জ্বালানি উৎপাদন করে থাকে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও দৃশ্যে শোধনাগার এলাকা থেকে বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং অনেকের ঘরের জানালা পর্যন্ত কাঁপতে থাকে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে অঙ্গরাজ্য পর্যায়ের পরিবেশ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বায়ুর মান পর্যবেক্ষণের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।



