প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা সংস্থা।
স্থানীয় সময় রোববার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন ব্যক্তি এখনো আটক হয়নি। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হোয়াইট হাউসের উত্তর পাশে অবস্থিত লাফায়েট পার্ক সংলগ্ন এলাকায় গুলির শব্দ শোনা যায়। ঘটনার সময় গভীর রাত হওয়ায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় পুলিশ ও পার্ক পুলিশের সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন ব্যক্তি এবং একটি সম্ভাব্য যানবাহনের খোঁজে অভিযান চালানো হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে।
এদিকে হোয়াইট হাউসের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। গুলির ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।



