প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:০৯ পিএম
ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিবিসি বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই হাজার কর্মীকে ছাঁটাই করার এই পরিকল্পনাকে গত দেড় দশকের মধ্যে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার এক সাধারণ সভায় কর্মীদের এ বিষয়ে জানানো হয়। বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রদ্রি তালফান ডেভিস ই-মেইলে কর্মীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে তীব্র আর্থিক চাপে রয়েছে।
তিনি জানান, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয়ের বড় ব্যবধান তৈরি হয়েছে। এই ঘাটতি মোকাবেলায় আগামী দুই বছরে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই এই ছাঁটাই কার্যক্রম শুরু হচ্ছে। বিদায়ী মহাপরিচালক টিম ডেভি এর আগেই ব্যয় সংকোচনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
আর্থিক সংকট সামাল দিতে ইতোমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বিবিসি। এর মধ্যে রয়েছে নতুন নিয়োগে সীমাবদ্ধতা, ভ্রমণ ব্যয় কমানো, পরামর্শক খাতে খরচ হ্রাস, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন সীমিত করা এবং প্রযুক্তির মাধ্যমে কাজের প্রক্রিয়া সহজ করা।
এদিকে সাম্প্রতিক সময়ে বহু দর্শক লাইসেন্স ফি দেওয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি অনলাইনভিত্তিক বিনোদন মাধ্যমে দর্শকের ঝোঁক বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী সম্প্রচার ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।
বিবিসির কর্মীদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। তারা মনে করছেন, এত বড় আকারে কর্মী ছাঁটাই প্রতিষ্ঠানটির জনসেবামূলক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



