প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি তার একটি লাগেজ সেখানে ফেলে আসেন।
লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার বৃদ্ধার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির কাছে যান। এ সময় তারা লাগেজ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তবে এজেন্সি কর্তৃপক্ষ জানায়, লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজস্ব বিষয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিতে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, লাগেজকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।



