প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:৪৫ এএম
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলন সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে অবিলম্বে সামুদ্রিক অবরোধ কার্যকর করা হচ্ছে। তার দাবি, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অব্যাহত অবরোধ ও হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুতি নেতৃত্বের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সানার বিমানবন্দরে সংঘটিত হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
হুতিদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইয়েমেনের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে প্রতিরোধে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে আঞ্চলিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ইরানের শীর্ষ পর্যায় থেকে হুতিদের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, ওই এলাকায় ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজ লক্ষ্য করেও অভিযান পরিচালনা করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল ও গ্যাস পরিবহনের প্রধান রুটগুলোতে সংকট দেখা দিলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।



