প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৮:৪৫ পিএম
আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অবস্থান ও কর্মসংস্থানের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন অমান্যের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। একই সময়ে অনুমতি ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আইন লঙ্ঘনকারী বিদেশিদের আশ্রয়, পরিবহন বা সহযোগিতা করার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন বিদেশি নাগরিক বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনের দেশে ফেরার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কোনো ব্যক্তিকে সৌদিতে প্রবেশ, অবস্থান বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি ব্যবহৃত সম্পদ বাজেয়াপ্তসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশ্বের অন্যতম শ্রমবাজার হিসেবে পরিচিত সৌদি আরবে বর্তমানে বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী কর্মরত রয়েছেন। দেশটির সরকার দীর্ঘদিন ধরে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।



