প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ১০:১৬ এএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং এ কারণে তিনি বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, তাঁর বাবার ক্যানসার শুধু হাড়েই সীমাবদ্ধ নেই, শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। রোগের বিস্তারের কারণে বাইডেন শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে ক্যানসারের কারণে তাঁকে বেশ কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বলে উল্লেখ করেন হান্টার।
তবে হান্টার বাইডেনের দেওয়া এই বক্তব্যের বিষয়ে জো বাইডেনের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কয়েক মাসের মধ্যেই বাইডেন নিজেই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন। সে সময় তাঁর চিকিৎসকেরা জানান, তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এবং রোগটি ইতোমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে।
পরে একই বছরের অক্টোবরে তাঁর চিকিৎসা নিয়ে জানানো হয়, ক্যানসার নিয়ন্ত্রণে তিনি বিকিরণ চিকিৎসা ও হরমোনভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে চলা এই চিকিৎসার মধ্যেই তাঁর শারীরিক অবস্থার নতুন করে অবনতির কথা সামনে এলো।
জো বাইডেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশটির সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। তাঁর পুরো মেয়াদজুড়েই বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা আলোচনা ছিল।
প্রেসিডেন্ট হওয়ার আগে বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। চলতি বছরের জুনে শিকাগোতে ওবামার প্রেসিডেন্সিয়াল গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়।
এদিকে বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।



