প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৪:৪৯ পিএম
দক্ষিণ-পশ্চিম স্পেনের একটি পর্যটন এলাকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী, তার কিশোর সন্তান ও তার মা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
রোববার রাত ১০টার দিকে পর্তুগাল সীমান্তবর্তী হুয়েলভা প্রদেশের আইসলা ক্রিস্টিনা শহরের এল রোকিও এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই মুখোশধারী ব্যক্তি সেখানে আসে। পরে তারা রাস্তায় অবস্থান করা একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে হঠাৎ গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির ঘটনায় অন্তঃসত্ত্বা নারী, তার কিশোর ছেলে এবং তার মা ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত তিনজনই একই পরিবারের সদস্য। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হুয়েলভা প্রাদেশিক রাজধানীর ফরেনসিক চিকিৎসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি এলোমেলো কোনো হামলা নয়; বরং নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়ে থাকতে পারে। হামলার পেছনে মাদকসংক্রান্ত বিরোধ কিংবা পুরোনো শত্রুতার বিষয় থাকতে পারে বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।
পুলিশ আরও খতিয়ে দেখছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে হুয়েলভা এলাকায় সংঘটিত আরেকটি হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল, তাদের চলাচলের পথ এবং ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে আহতদের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চলছে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।



