রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এবার দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ১১:২৬ এএম

এবার দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সামনে রেখে পূজার আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেস ক্লাব অব ইন্ডিয়ার একটি হলে তৃতীয় লিঙ্গের কয়েকজন সদস্য মোদির ছবি সংবলিত একটি প্রতিকৃতি সামনে রেখে পূজা করেন। এ সময় তারা মোদিকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিটির নাম দেওয়া হয় ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এই নামকরণ করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা ড. রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, নয়াদিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত জায়গাতেই বৃহস্পতিবারের এই পূজার আয়োজন করা হয় বলে তারা জানিয়েছেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে অনুষ্ঠানটির সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়া কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়ে সংশ্লিষ্টরা হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, হল ভাড়ার সময় যে শর্তে অনুমতি দেওয়া হয়েছিল, তার সঙ্গে ওই আয়োজনের মিল ছিল না। ফলে চুক্তির শর্ত লঙ্ঘনের কারণে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই কর্মসূচিকে কোনোভাবেই প্রতিষ্ঠানটির নিজস্ব অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা যাবে না। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক সমর্থন, ধর্মীয় আয়োজন এবং একটি পেশাজীবী প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে হল ভাড়ার শর্ত কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!