প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৪:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা আটজনের সবাই নিহত হয়েছেন। সামরিক একটি রাডার স্থাপনায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আলাস্কার প্রত্যন্ত কেপ নিউয়েনহ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির আওতায় বিভিন্ন প্রয়োজনীয় সেবা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল।
জানা গেছে, বেসরকারি একটি চার্টার প্রতিষ্ঠানের পরিচালিত দুই ইঞ্জিনের সেসনা ৪৪১ উড়োজাহাজটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এতে দুই পাইলটসহ মোট আটজন ছিলেন। গন্তব্য ছিল অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার কেন্দ্র।
গন্তব্যে পৌঁছে বিমানটি অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় রানওয়ের কাছাকাছি এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হলেও বিমানের কোনো আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর আলাস্কা কমান্ড। কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গম এলাকায় দায়িত্ব পালনরত কর্মীদের হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এখন অগ্রাধিকার।
কেপ নিউয়েনহ্যাম রাডার কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সামরিক আকাশ নজরদারি ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। দুর্গম সীমান্ত ও আশপাশের আকাশপথ পর্যবেক্ষণে কেন্দ্রটি ব্যবহৃত হয়।
এদিকে বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো, তা জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বিমানের কারিগরি কোনো ত্রুটি হয়েছিল কি না, আবহাওয়ার কোনো প্রভাব ছিল কি না কিংবা অবতরণের সময় অন্য কোনো সমস্যা দেখা দিয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



