রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সংগৃহীত

ইরানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ এবং দেশটির জ্বালানি তেল কেনাবেচায় সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। এর মধ্যে ইরান থেকে পণ্য আমদানি, পণ্য মজুত ও স্থানান্তর, বিক্রয় এবং ইরানি তেল বিদেশে সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার মতো কার্যক্রম রয়েছে।

ইরানের সামরিক ও জ্বালানি খাতকে কেন্দ্র করে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎসগুলোকে চাপে রাখা এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক কর্মকাণ্ড সীমিত করা।

এর আগে সোমবার মধ্যরাতে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তেল পরিবহন, অস্ত্র ও সামরিক প্রযুক্তি, সোনা, বিমান চলাচলসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি খাতকে এ চাপের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সহযোগিতাকারী দেশগুলোকেও সতর্ক করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে সেই দেশকেও অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

তেল পাচার, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময়, জাহাজ নিবন্ধন এবং ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন বন্ধ করার ব্যাপারেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে নিষেধাজ্ঞার বিষয়ে ভারতের চার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!