রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:১৪ পিএম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে এবং এতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। মূলত যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আশঙ্কা থেকে আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদান বন্ধ থাকবে।

তবে পর্যটন, শিক্ষা বা অন্যান্য অস্থায়ী উদ্দেশ্যে যেসব ভিসা দেওয়া হয়, সেগুলোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।

গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া আপাতত বন্ধ থাকায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা কার্যকর হলে অভিবাসনপ্রত্যাশীদের জন্য প্রক্রিয়া আরও কঠোর হয়ে উঠতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!