রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:৫২ এএম

মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় অনিবন্ধিত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত দুই দিনের বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ মোট ১ হাজার ৪৩ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বিভিন্ন আবাসিক এলাকা ও বিদেশি নাগরিকদের বসবাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে। আটক বিদেশি নাগরিকদের তালিকায় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশিরা।

আটক ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন, মিয়ানমারের ১৮৬ জন, ভারতের ৫৫ জন পুরুষ এবং নেপালের ২২ জন পুরুষকে আটক করা হয়েছে। বিভিন্ন দেশের আরও ১৪৩ জন নাগরিকও অভিযানে আটক হয়েছেন।

মঙ্গলবার রাতে সুংগাই চুয়া এলাকার একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনার পর এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগ, অভিবাসন বিভাগের নিজস্ব তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ১০ আগস্ট বিশেষ অভিযান শুরু করা হয়।

দুই দিনের অভিযানে মালয়েশিয়ার বিভিন্ন আবাসিক এলাকা ও বিদেশি নাগরিকদের আনাগোনার স্থানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের পর অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে এই আটকের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের ধরন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!