প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:১২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে তারাবির নামাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
এর আগে শনিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ চলাকালে কাউসার আলী ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘তারাবি সোনার মোড় চাঁপাইনবাবগঞ্জ’।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা কাউসার আলীর ওপর চড়াও হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় ভোটারদের মতামত নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে কাউসার আলী স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন।



