প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:০৬ পিএম
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।
আহতরা হলেন ব্যবসায়ী গোলাম রসুল, হানিফ শেখ, নারগিছ বেগম, হামিদা বেগম ও রিনা বেগম। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী গোলাম রসুল জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে নিয়মিত হুমকি দিতেন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তাকে এবং পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তার হাতের আঙুল গুরুতরভাবে জখম হয়।
তিনি আরও অভিযোগ করেন, তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। এ সময় এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং আরেকজনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



