প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:১৭ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে বঙ্গোপসাগর উপকূলে ধরা পড়েছে ২০ মণ ওজনের বিরল খটক মাছ, যা স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামে পরিচিত। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আমুয়া মৎস্য বন্দরে মাছটি আনা হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়।
জেলেরা জানান, সমুদ্রে মাছ ধরার সময় এই বিশাল মাছটি জালে ধরা পড়ে। ভোরে ট্রলার বন্দরে ভিড়লে জাল থেকে মাছটি তোলা হয়। দূর থেকে অনেকেই মাছটিকে অচেনা মনে করলেও কাছে গিয়ে করাতের মতো লম্বা মুখ দেখে এটি খটক মাছ হিসেবে শনাক্ত হয়।
ডাঙায় তোলার পর মাছটির আকৃতির কারণে বন্দরে ভিড় জমে যায়। স্থানীয়দের কথায়, এত বড় খটক মাছ তারা আগে দেখেননি। শিশু থেকে বড়রা সবাই বিস্ময় প্রকাশ করেন। জেলারা জানান, গভীর সমুদ্রে বড় মাছ ধরা সহজ নয়; দীর্ঘ সময় জাল ফেলেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়। তবুও হঠাৎ করে বড় মাছ ধরা পড়লে পুরো অভিযানের খরচ উঠে আসে এবং লাভও হয়।
প্রথমে আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার এটি আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে বেশি দামে বিক্রির আশায় মাছটি পিরোজপুরের মঠবাড়িয়ায় নিয়ে যায়। সেখানে মোস্তফা কামাল ও হোসেন শরিফ মাছটি ৫ লাখ টাকায় কিনে নেন এবং কেটে প্রতি কেজি ২ হাজার টাকায় বিক্রি করা হয়।
জেলে সাগর হাওলাদার বলেন, “গভীর সমুদ্রে অনেক কষ্ট করে মাছ ধরি। সব সময় এমন বড় মাছ পাওয়া যায় না। তবে এই মাছ ধরায় আমাদের অনেকটা লাভ হয়েছে।” আব্দুল হাই সরদার জানান, “এত বড় খটক মাছ খুব একটা পাওয়া যায় না। তাই ঝুঁকি নিয়েই কিনেছি। পরে খুচরা বিক্রিতে ভালো সাড়া পেয়েছি।”



