প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:২৪ পিএম
নওগাঁ ও কক্সবাজারে এক রাতে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চারজন এবং টেকনাফে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার রাতে গরু বিক্রি করে তিনি বাড়িতে ফেরেন। তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে এটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা জানা যায়।
নিহতরা হলেন— মজিদ, নুরুল বশর ও রবি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাদের অপহরণ করা হয়েছিল। আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অপহরণ ও মানবপাচার সংশ্লিষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



