প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:১৯ পিএম
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ির সামনে পাশাপাশি চারজনকে দাফন করা হয়।
এর আগে নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহগুলো গ্রামে আনা হয়। জানাজায় অংশ নিতে স্থানীয় বাসিন্দা, স্বজন ও আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ জড়ো হন। বাদ আসর জানাজা শেষে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়।
গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া আক্তার (৩)।
এ ঘটনায় নিহতদের তিন স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—ভগ্নিপতি শহিদুল ইসলাম, ভাগনে শাহিন ও সবুজ। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা বাদী হয়ে নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।



