প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম
রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের কিছু সময়ের জন্য থানার ভেতরে আটকা পড়েন। পরে ডাকসু নেত্রী জুমার সঙ্গে থানা ত্যাগ করেন মুসাদ্দিক।
জানা গেছে, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মুসাদ্দিক ও জুবায়েরের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুসাদ্দিক ও জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় আরও কয়েকজন, যেমন ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে যান। বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ চালান।
এর আগে বুধবার মুসাদ্দিক আলী ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ আনেন। তিনি জানান, কলা ভবনের পেছনের ফটকের সামনে তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়।



