প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩১ এএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত রুবেল মিয়া ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে যাওয়ার পর স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে রুবেল মিয়াকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
রুবেলের বাবা আব্দুল জলিল বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



