প্রকাশিত: মে ২, ২০২৬, ১১:৪০ এএম
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন দক্ষিণ কালডোহর গ্রামের বাসিন্দা আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল হক নিহত হন।
দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় জড়িত যান দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।



