প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৪১ পিএম
সাত বছর আগে অপহরণের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগে মামলা হয়েছিল আয়েশা খাতুন নামে এক শিশুকে নিয়ে। তবে দীর্ঘ সময় পর সেই আয়েশাকেই জীবিত উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (৩ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি সোমবার (৫ মে) বিকেলে নিশ্চিত করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট থানার খালেআলমপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিখোঁজ হন। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে তার মা আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলেও নতুন করে একই ঘটনায় আরেকটি মামলা করে পুনরায় তদন্ত শুরু হয়।
এদিকে যাকে মৃত ধরে মামলা করা হয়েছিল, সেই আয়েশা খাতুন সাত বছর পর জীবিত উদ্ধার হওয়ায় পুরো এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি সত্যিই অপহরণ ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্যে তাকে লুকিয়ে রাখা হয়েছিল—তা তদন্ত করে দেখা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



