প্রকাশিত: মে ৪, ২০২৬, ১১:৪৬ পিএম
নাটোরের লালপুরে হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আশরাফুল ইসলাম নিহন (২৪) নামের এক তরুণ। মর্মান্তিক এই ঘটনায় নিজের ছেলের রক্তাক্ত মরদেহ দেখে ঘটনাস্থলেই জ্ঞান হারান মা রুনিফা বেগম।
সোমবার (৪ মে) দুপুরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের লালপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের বাসিন্দা।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে আশরাফুল মোটরসাইকেলে করে তার মাকে ত্রিমোহনী এলাকায় নামিয়ে দেন। এরপর জ্বালানি নেওয়ার জন্য কাছেই ফিলিং স্টেশনের দিকে যান। স্টেশনে প্রবেশের মুখে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সেখানে ভিড় জমে যায়। এ সময় ছেলের জন্য অপেক্ষা করতে থাকা মা রুনিফা বেগমও দুর্ঘটনার খবর পান, তবে তখনও তিনি জানতেন না নিহত ব্যক্তি তারই সন্তান। কৌতূহলবশত তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে ছেলেকে চিনতে পারেন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। ট্রাকচালক কামরুল ইসলাম ও তার সহকারী শাহাদত হোসেনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



