প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:০১ পিএম
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেট বিতরণের মাধ্যমে ‘শেখ হাসিনার সালাম’ জানানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালী বাড়ি রোড এবং আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তাদের ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগান দিতেও শোনা যায়। পরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তারা এলাকা ত্যাগ করে।
লিফলেটগুলোতে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। এগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।
এ ঘটনার পর এলাকায় অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে, যা নিয়ে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কারা এই লিফলেট বিতরণ করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।



