রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম

হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রুহুল কবির রিজভী

সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিদেশে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শেখ হাসিনার এমন বক্তব্যকে ‘মামার বাড়ির আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি সময় দেশের বহু মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত জনগণের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন থেকেই যাবে। তার ভাষ্য, দেশের মানুষ সংশ্লিষ্ট ঘটনাগুলোর সুষ্ঠু বিচার দেখতে চায়। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগেরও বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।

বিদেশে অবস্থান করে শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফিরে রাজনীতিতে অংশ নেওয়ার যে বক্তব্য দিয়েছেন, সেটির সমালোচনা করে রিজভী বলেন, এত মানুষের প্রাণহানি ও নির্যাতনের অভিযোগ থাকার পরও এ ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিয়াকে যারা বর্তমানে আশ্রয় দিয়েছেন, তারা নিজেদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে তাকে ব্যবহার করতে চাইছেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ অতীতে নানা চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে রিজভী বলেন, কোকো সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন না; বরং ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন। তার জীবনের নানা কঠিন সময়ের কথাও তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তবে এসবের পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার ও সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠার কথা বলছেন বলে জানান তিনি।

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!