রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষিকার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে প্রাণ হারালেন শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:৫৫ পিএম

শিক্ষিকার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে প্রাণ হারালেন শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে এক ছাত্রীরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম উম্মে কুলসুম। তিনি উপজেলা সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য, প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার মৃত্যুর খবরে মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম, সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন। এ ঘটনায় মমতাজ জাহান নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে শিক্ষিকার মৃত্যুর সংবাদ শুনে তাসনিম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা জানান, ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখার পরই তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা বলেন, আকস্মিক ঘটনায় কেউ জ্ঞান হারাতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!