রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাতে নিখোঁজ, সকালে বোনের বাড়ির উঠানে মিলল ভাইয়ের মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৯:০৪ পিএম

রাতে নিখোঁজ, সকালে বোনের বাড়ির উঠানে মিলল ভাইয়ের মরদেহ

ছবি: সংগৃহীত

নাটোরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় তার বোনের বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রুবেলের দাবি, পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তার ফুফুদের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে জমিজমা-সংক্রান্ত বিরোধের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!