রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:১৭ পিএম

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রায় দুই দিন শূন্যরেখায় অবস্থানের পর শেষ পর্যন্ত ওই ২৮ জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, শুক্রবার রাত পর্যন্ত তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে শনিবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। গোয়েন্দা তথ্য ও পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের ফেরত নিয়ে গেছে।

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিলেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন।

পরে বৃহস্পতিবার দুপুরে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠকে বিজিবি জানিয়ে দেয়, কোনো ব্যক্তিকে রাতের আঁধারে পুশইন করা মেনে নেওয়া হবে না। যদি তারা বাংলাদেশি নাগরিক হন, তবে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে বিএসএফ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা ওই ব্যক্তিদের ফেরত নিতে পারবে না। ফলে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ২৮ জনকে শূন্যরেখাতেই অবস্থান করতে হয়।

এ সময় বিজিবির অনুরোধে বিএসএফ তাদের খাবারের ব্যবস্থা করে। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির মধ্যে আমগাছের নিচে অবস্থান করেন তারা। শূন্যরেখা থেকে তাদের কান্নার আওয়াজও শোনা যায় বলে স্থানীয়রা জানান।

অবশেষে প্রায় দুই দিন পর পরিস্থিতির অবসান ঘটিয়ে ওই ২৮ জনকে নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!