রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারায় স্থানীয়রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:০০ পিএম

বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারায় স্থানীয়রা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৭) ও স্থানীয় বাসিন্দারা। এসব ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিজিবির সঙ্গে রাত জেগে পাহারায় অংশ নিয়েছেন স্থানীয়রাও।

স্থানীয় সূত্র ও সীমান্ত-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত কিছু ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এ ধরনের কোনো পুশইন সফল হয়নি। সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজিবির আওতাধীন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের প্রায় ৪৬ কিলোমিটার এলাকায় দিনরাত টহল দিচ্ছেন সদস্যরা। সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিভিন্ন বিওপিতে অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, তার দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় একাধিকবার পুশইনের চেষ্টা হয়েছে। শনিবার সকালে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়েকদিন আগেও দৌলতপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কিছু দালাল চক্রকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অধিনায়ক বলেন, সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!