রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাতে বাড়িতে ঢুকে নারীদের মাথায় আঘাত করতেন মোরশেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১০:৫২ এএম

রাতে বাড়িতে ঢুকে নারীদের মাথায় আঘাত করতেন মোরশেদ

ছবি: সংগৃহীত

নওগাঁর বিভিন্ন এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের মাথায় আঘাত ও চুরির ঘটনায় অভিযুক্ত গোলাম মোরশেদ ওরফে মোরশেদ আলমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে একজন বিকৃত মানসিকতার হামলাকারী হিসেবে বর্ণনা করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলায় একই ধরনের একাধিক হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে পুরুষ সদস্য না থাকা বাড়ি টার্গেট করতেন। এরপর দেয়াল টপকে ঘরে প্রবেশ করে নারীদের মাথায় ভোঁতা বা ভারী বস্তু দিয়ে আঘাত করতেন এবং পরে চুরির চেষ্টা চালাতেন।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে কলেজছাত্রী উম্মে হাবিবার মাথায় টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তার মৃত্যু হয়। একই রাতে আরও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এরপর ফেব্রুয়ারি, মে ও জুন মাসে জেলার বিভিন্ন এলাকায় একই কায়দায় নারীদের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনায় একাধিক নারী গুরুতর আহত হন। ধারাবাহিক হামলায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাগুলোর তদন্তে জেলা গোয়েন্দা শাখা, সাইবার ইউনিট ও থানা-পুলিশের সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তদন্ত চালিয়ে গত ১০ জুন গাজীপুর মহানগরীর শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মোরশেদ উম্মে হাবিবা হত্যাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত ছোটবেলা থেকেই চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার হামলার লক্ষ্য ছিল মূলত নারীরা। বাড়িতে পুরুষ সদস্য থাকলেও তাদের ওপর হামলা করতেন না। বিভিন্ন জেলায় অন্তত ১৭ থেকে ১৮ জনের ওপর একই ধরনের হামলার তথ্য পাওয়া গেছে। নওগাঁর চারটি মামলাসহ সংশ্লিষ্ট অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!