প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:২৪ পিএম
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়ে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ।
বিজিবি সূত্র জানায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে প্রবেশ করানো।
পরে খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।



