প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১২:৩৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়দের দাবি। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশ করে জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



