রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থী হয়রানির অভিযোগে ঢাকা পলিটেকনিকে আজমেরী বাস অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

শিক্ষার্থী হয়রানির অভিযোগে ঢাকা পলিটেকনিকে আজমেরী বাস অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগে আজমেরী পরিবহনের কয়েকটি বাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আটকে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীর ভোগান্তির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তার পাইথন প্রোগ্রামিং বিষয়ের পরীক্ষা থাকায় তিনি সকাল সাড়ে ৭টায় রায়েরবাগ থেকে রওনা দেন। গুলিস্তানে দীর্ঘ সময় অপেক্ষার পরও আজমেরী গ্লোরি পরিবহনের বাসে উঠতে পারেননি। তিনি অভিযোগ করেন, বাসের গেটে ঝুলে ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানালে পরিবহনের কর্মীরা তাকে বাসে নিতে অস্বীকৃতি জানান এবং ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এতে তিনি শারীরিকভাবেও আঘাতপ্রাপ্ত হন বলে উল্লেখ করেন।

ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, একাধিক বাসে ওঠার চেষ্টা করলেও একই ধরনের আচরণের মুখোমুখি হতে হয়। পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়ে তিনি অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেলে ক্যাম্পাসে আসেন।

ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গণপরিবহনে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং যাতায়াত সংক্রান্ত বিষয়ে প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আজমেরী পরিবহনের কয়েকটি বাস আটকে রাখেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ কিংবা ঢাকা পলিটেকনিক প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!